
রাজধানীর মিরপুরের বিভিন্ন জায়গায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভে নেমেছেন। সড়ক অবরোধ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে রোববার সকাল থেকে মিরপুর-১, ১১, কালশী এবং ১০ নম্বর গোলচত্বর থেকে আগারগাঁও পর্যন্ত রোকেয়া সরণী বিভিন্ন অংশে অবস্থান নেয় চালকরা।
সড়কের বিভিন্ন অংশে অবস্থান নিয়ে অবরোধ করায় যান চলাচল স্থবির হয়ে পড়েছে। কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অফিসগামী ও কর্মমুখী মানুষদের পড়তে হয়েছে ভোগান্তিতে।
বিক্ষুব্ধ চালক কয়েকজন প্যাডেলচালিত রিকশাচালককে মারধর এবং কয়েকটি বাসের কাচ ভাঙচুর করে।
এদিকে দাবি না মানা পর্যন্ত রাস্তায় থাকার ঘোষণা দিয়েছে বিক্ষুব্ধরা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
গত ১৫ মে ফিটনেসহীন বাস ও ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ব্যাটারিচালিত কোনো গাড়ি (তিন চাকার) যেনো ঢাকা সিটিতে না চলে।
রাজধানীর প্রায় সব জায়গায় দাপটের সাথে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা। মিরপুর, মোহাম্মদপুর, বাড্ডা, মুগদা, বাসাবো, খিলক্ষেত, মগবাজারসহ বিভিন্ন এলাকায় হাজার হাজার অটোরিকশা চলাচল করছে।
হঠাৎ করে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের নির্দেশে বিপাকে পড়ে যায় চালকরা। আর ব্যাটারিচালিত অটোরিকশাকে কেন্দ্র করে তৈরি হয়েছে আরও নানা উপখাত। সব মিলে এই খাত ঘিরে গেলো কয়েক বছরে নীরবেই গড়ে উঠেছে লাখো মানুষের কর্মসংস্থান, চিন্তায় পড়েছেন তারাও।
বাংলা টিভি / এমএএইচ



