Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকবিনোদন

ছেলেকে যেভাবে মানুষ করছেন মালাইকা

আরবাজ় খানের সঙ্গে মালাইকা অরোরার বিবাহবিচ্ছেদের বেশ কয়েক বছর হয়ে গিয়েছে। কিন্তু সৌজন্যের সম্পর্ক এখনও বজায় রেখেছেন তাঁরা। আর অন্যতম কারণ ছেলে আরহান। আরহানের জন্য এখনও দেখসাক্ষাৎ হয় মালাইকা-আরবাজ়ের মধ্যে। জানা যায়, আরহানের সঙ্গে বন্ধুর মতোই মেশেন মালাইকা।

অভিনেত্রী মনে করেন, সন্তানদের সঙ্গে যত খোলামেলা ভাবে মেশা যায়, তারা ততই ভাল থাকে। তাই আরহান যাতে তাঁর কাছে নিরাপদ ও স্বাধীন বোধ করেন, সেই চেষ্টাই চালিয়ে যান মালাইকা। সম্প্রতি আরহানের পডকাস্টে মা-ছেলের কথোপকথন মুগ্ধ করেছে নেটাগরিকদের। সেই কথাবর্তা থেকেই স্পষ্ট মালাইকা-আরহানের মধ্যে সম্পর্ক কতটা বন্ধুত্বপূর্ণ।

মালাইকা সেই পডকাস্টে বলছেন, ‘‘মা ও ছেলের সম্পর্ক হল সবচেয়ে দামি। প্রত্যেক সন্তানের সঙ্গে তাদের মায়ের সম্পর্ক ভিন্ন রকমের হয়। কোনও মা হন বন্ধুর মতো, কেউ হন পরামর্শদাতার মতো, আবার কোনও কোনও মা খুব কড়া হন। কিন্তু, আমি আমার ছেলের বন্ধু হয়েই থাকতে চাই। এমন হলে সন্তান মন খুলে সব কথা বলতে পারে।’’

অভিনেত্রী আরও বলছেন, ‘‘আমার বন্ধুরাও বাড়িতে এসে আমায় আর আরহানকে একসঙ্গে দেখলে খুব আনন্দ পায়। আমি আর আরহান পরস্পরের সঙ্গে মজা করি, পিছনে লাগি। আমার বন্ধুরা বলে, ওরা টিকিট কেটে বাড়ি এসে এই কমেডি শো দেখবে।’’ মালাইকা মনে করেন, বাবা-মায়ের কাছে সন্তানের সমস্ত কিছু নির্ভয়ে বলতে পারা খুব গুরুত্বপূর্ণ বিষয়।

মালাইকার কথায়, ‘‘খোলামেলা কথা বললে বোঝা যায়, সন্তানদের জীবনে ঠিক কী চলছে। এমন একটা পরিসর থাকা দরকার, যেখানে ওরা নির্ভয়ে সব কিছু বলতে পারে। আবার কিছু বলার জন্য ওদের জোর করাও ঠিক নয়। বিশেষ করে আজকের যুগের বাচ্চাদের জীবনে কী চলছে, তা জানা খুব দরকার। আমি নিজেকে অন্ধকারে রাখার থেকে পুরোটা জানতেই পছন্দ করব।’’

উল্লেখ্য, আরবাজ় খানের সঙ্গে বিচ্ছেদের পরে অভিনেতা অর্জুন কপূরের সঙ্গে সম্পর্কে আছেন মালাইকা। অন্য দিকে কিছু দিন আগেই আরবাজ় বিয়ে করেছেন রূপটানশিল্পী সুরা খানকে। আনন্দবাজার

সংশ্লিষ্ট খবর

Back to top button