
জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে ছুটিতে থাকায় ছিলেন না দলে। তবে অনুমিতভাবে শেষ দুই ম্যাচের স্কোয়াডে ফিরেছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর আইপিএল অধ্যায় শেষে বিশ্রাম কাটিয়ে দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান।
বুধবার ঘোষিত বাংলাদেশের চতুর্থ ও পঞ্চম ম্যাচের স্কোয়াডে আরও আছেন ওপেনার সৌম্য সরকার। চোটের কারণে প্রথম তিন ম্যাচ খেলা হয়নি তার।
কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন দুই ব্যাটার আফিফ হোসেন ও পারভেজ হোসেন ইমন। আর বিশ্রাম দেওয়া হয়েছে শরিফুল ইসলামকে। তৃতীয় ম্যাচে স্কোয়াডে থাকলেও একাদশের বাইরে ছিলেন এই বাঁহাতি পেসার।
এই সিরিজ দিয়ে লম্বা সময় পর সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব। সবশেষ খেলেছিলেন সেই গত ওয়ানডে বিশ্বকাপে। এরপর বিপিএল, ডিপিএল খেলে মাঝে শ্রীলঙ্কার বিপক্ষে একটি টেস্ট ম্যাচে অংশ নেন।
আর মুস্তাফিজুর সাম্প্রতিক সময়টা ব্যস্ত কাটিয়েছেন আইপিএলে, চেন্নাই সুপার কিংসের জার্সিতে। গত ১ মে পর্যন্ত ছিল তার অনাপত্তিপত্রের মেয়াদ। এরপর ফেরেন দেশে। এবার অপেক্ষা জাতীয় দলের হয়ে মাঠে নামার।
সিরিজে বাংলাদেশ এগিয়ে ৩-০ ব্যবধানে। শেষ দুটি ম্যাচ হবে মিরপুরে।
ক্রীড়া ডেস্ক। বাংলা টিভি



