Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

বিশ্বের দীর্ঘতম রুটি বানানোর রেকর্ড ফরাসিদের

রোববার (৫ মে) ফরাসি বেকারদের একটি দল ১৪০ মিটার দীর্ঘ ব্যাগেট (বিশেষ ধরনের রুটি) তৈরি করে একটি নতুন বিশ্ব রেকর্ড করেছে৷ এর আগে এই রেকর্ডটি ইটালির দখলে ছিল৷

প্যারিসের পশ্চিমাঞ্চলীয় শহর সুখছো- তে ১৮  সদস্যের একটি বেকারের দল রোববার একটি ১৪৩.৫৩ মিটার বা ৪৬১ ফুট লম্বা ব্যাগেট তৈরি করে নতুন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে৷

গত পাঁচ বছর ধরে ইটালির কোমো শহরের বেকারদের দখলে থাকার পর ফ্রান্স তাদের রেকর্ডটি পুনরুদ্ধার করেছে৷ ফরাসি কনফেডারেশন অফ বেকার্স অ্যান্ড প্যাস্ট্রি শেফসের একটি অনুষ্ঠানে এটি তৈরি করা হয়৷

কনফেডারেশনের সভাপতি ডমিনিক আন্রাক্ট বলেন, ‘‘হাতে বানানো দীর্ঘতম ব্যাগেট এর রেকর্ডের জন্য অদম্য ইচ্ছাশক্তি ও সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন৷” তিনি আরও বলেন, ‘‘রুটি তৈরি এই শিল্পের চালিকাশক্তি, ব্যাগেট আমাদের খাবারের ঐতিহ্যের একটি অপরিহার্য অংশ৷”

এই ধরনের প্রচেষ্টায় কী কী প্রয়োজন ?

বিশ্বজুড়ে ফরাসিত্বের প্রতীক হিসেবে স্বীকৃত ব্যাগেট৷ গিনেসের নিয়মানুসারে ব্যাগেট সাধারণত কমপক্ষে পাঁচ সেন্টিমিটার পুরু ও লম্বায় প্রায় ৬০ সেন্টিমিটার হয়ে থাকে৷ প্রতিটি ব্যাগেটের ওজন প্রায় ২৫০ গ্রাম৷ শুধুমাত্র গমের ময়দা, পানি, লবণ এবং ইস্ট দিয়ে এই রুটিটি বানানো হয়৷

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বেকাররা জানিয়েছেন, তারা আনুমানিক রাত তিনটা থেকে  ৯০ কেজি  আটা, ৬০ লিটার পানি, ১.২  কেজি  লবণ ও  ১.২ কেজি ইস্ট দিয়ে ১৫২ কেজি ওজনের মিশ্রণ তৈরি করেন৷ তারপর বিশেষভাবে নির্মিত ধীর গতির একটি চাকাযুক্ত ওভেনে বিশাল এই ব্যাগেটকে সেঁকা হয়৷

শহরটির মেয়র গুইলাউম বাউডি বলেন, ‘‘বিশ্বের দীর্ঘতম ব্যাগেট তৈরির রেকর্ড এর অংশ হতে পেরে সুখছো গর্বিত৷ ব্যাগেট আমাদের খাবারের ঐতিহ্যবাহী জাতীয় প্রতীক৷”  তিনি আরও বলেন, ‘‘আমি সুখছো এর বেকারদের অভিনন্দন জানাই যারা বেকিংয়ে অংশ নিয়েছিলেন এবং আমাদের শহরের ঐতিহ্য বজায় রেখেছেন৷”

গিনেস কর্তৃপক্ষ সার্টিফিকেট দেয়ার পর ব্যাগেটের কিছু অংশ কেটে আগ্রহী দর্শকদের মাঝে পরিবেশন করা হয়৷ তবে ব্যাগেটের বেশিরভাগ অংশ গৃহহীনদের মাঝে ভাগ করে দেয়া হয়৷ ডয়চে ভেলে

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button