নাভালনিকে ‘হত্যা’র নির্দেশ দেননি পুতিন, মার্কিন গোয়েন্দা রিপোর্ট

রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনির রহস্যজনক মৃত্যুকে পশ্চিমা নেতারা ‘হত্যা’ অভিহিত করে এর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেন।
তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে, নাভালনির মৃত্যুতে পুতিনের কোনো সম্পৃক্ততা নেই। তাকে হত্যার নির্দেশ দেননি পুতিন। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে শনিবার (২৭ এপ্রিল) খবর প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।
গত ১৬ ফেব্রুয়ারি সাইবেরিয়ার প্রত্যন্ত অঞ্চলে কারাগারে বন্দি অবস্থায় পুতিনের কট্টর সমালোচক ও বিরোধী দলের নেতা নাভালনির মৃত্যু হয়। তার মৃত্যুর জন্য অনেক মার্কিন ও ইউরোপীয় নেতা সরাসরি পুতিনকে অভিযুক্ত করেন।
নাভালনির মৃত্যুর খবর সামনে আসার পরপরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, নাভালনির মৃত্যুর জন্য যে পুতিন দায়ী এতে কোনো ভুল নেই। তবে পশ্চিমা নেতাদের এই অভিযোগ উড়িয়ে দেয় ক্রেমলিন। অন্যদিকে নাভালনির মৃত্যুকে দুঃখজনক বলে অভিহিত করেন পুতিন।
এদিকে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনকে ‘পুরোপুরি অনুমানভিত্তিক’ বলে উল্লেখ করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ। তার মতে, প্রতিবেদনটি মোটেও মানসম্পন্ন নয় এবং একে গুরুত্ব দেয়ার কিছু নেই।
মার্কিন এ অনুসন্ধানকে নাভালনির অনুসারীরাও আমলে নেননি। নাভালনির সিনিয়র সহযোগী লিওনিড ভলকভ এই প্রতিবেদনকে ‘অপরিপক্ক ও হাস্যকর’ বলে অভিহিত করেছেন।
যুক্তরাষ্ট্রের অভিযোগ করে আসছে, রাশিয়ার বিরোধীদলীয় রাজনীতিবিদরা বছরের পর বছর ধরে পুতিন প্রশাসনের দমনপীড়নের শিকার হচ্ছেন। মৃত্যুর প্রায় চার বছর আগে ২০২০ সালে নাভালনিকে বিষ প্রয়োগ করা হয়েছিল। সেবার জার্মানিতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যান তিনি।
আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি



