তাপদাহে রাজশাহী অঞ্চলে ঝরে পড়ছে আমের গুটি, ফলন নিয়ে শঙ্কা

চলমান তাপপ্রবাহে রাজশাহী অঞ্চলে আমগাছ থেকে ঝরে পড়ছে আমের গুটি। যত্ন করেও খুব একটা সমাধান না পেয়ে এবার আমের ফলন নিয়ে শঙ্কায় এ অঞ্চলের চাষিরা। তবে আমের গাছের গোড়ায় পানির সেচ ও গাছের পাতায় পানি স্প্রে করার পরামর্শ দিয়েছে ফল গবেষণা কেন্দ্র।
টানা তাপদাহে বিপন্ন হয়ে উঠেছে প্রকৃতি। প্রচণ্ড রোদে শুকিয়ে যাচ্ছে রাজশাহীর বিভিন্ন বাগানের আমগাছের বোঁটার রস। এতে গাছ থেকে ঝরে পড়ছে আমের গুটি। উৎপাদন কমার আশঙ্কা করছে কৃষি বিভাগ ও চাষিরা।
এবছর মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে রাজশাহী অঞ্চলের আম বাগানে মুকুল আসতে শুরু করে। এবার অনেক গাছে মুকুল এসেছে দেরিতে। তবে বর্তমানে টানা তাপদাহে অন্তত ৫০ শতাংশ আমের গুটি ঝড়ে পড়ায় শঙ্কা দেখা দিয়েছে।
রাজশাহী জেলায় এবার ১৯ হাজার ৬০২ হেক্টর জমিতে আমের বাগান থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৬০হাজার ১৯৪ মেট্রিক টন আম। তাপদাহের কারণে আমের গুটি পড়ে যাওয়ায় লক্ষমাত্রা পূরণ না হওয়ার শঙ্কায় কৃষকরা।
বাংলা টিভি / বুলবুল



