হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরাইল
ইরান প্রমাণ করেছে তারা সংঘাত বাড়াতে চায় :আইডিএফ

ইসরাইলের যুদ্ধ মন্ত্রিসভা পশ্চিমা নেতাদের সতর্কতা সত্ত্বেও ইরানের বিরুদ্ধে ‘আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ উভয়ই অনুমোদন করেছে বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
সোমবার (১৫ এপ্রিল) ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইরানের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেন, ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিশোধ না নিতে। একই সঙ্গে তিনি নেতানিয়াহুকে তার দেশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ‘সতর্কতার সঙ্গে ভাবারও’ পরামর্শ দেন।
বাইডেনের পরামর্শ মেনে ইসরাইল তাৎক্ষণিকভাবে ইরানে আক্রমণ না চালালেও তারা বলছে, ইরানে নিজের বেছে নেয়া উপায় ও সময়ে হামলার অধিকার ইসরাইলের রয়েছে।
এর আগে ইসরাইলের প্রতিরক্ষা বিভাগ (আইডিএফ)জানায়,ইরান প্রমাণ করেছে তারা সংঘাত বাড়াতে চায়। কেবল ইসরাইল নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্য হুমকি তারা। হামাসবিরোধী যুদ্ধের শুরু থেকেই তারা একটি জিনিসই চেয়েছে,তা হলো এই অঞ্চলে উত্তেজনা তৈরি। এতদিন প্রক্সি দিয়ে কাজ চালিয়েছে। অস্থিতিশীলতা তৈরিতে এবার নিজেরাই চেষ্টায় নেমেছে।
রোববার (১৪ এপ্রিল) টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে সামরিক মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তারা। হ্যাগারি জানান, শনিবার রাতের হামলায় প্রায় সাড়ে তিনশ ড্রোন, ক্রুজ ও ব্যালেস্টিক মিসাইল ছুঁড়েছে ইরান ও তার প্রক্সিরা। যেগুলো বহন করছিল প্রায় ৬০ টন ওয়ারহেড ও বিস্ফোরক। এগুলো ইরান, ইরাক, ইয়েমেন ও লেবানন থেকে ছোঁড়া হয়েছে। তবে ৯৯ শতাংশ ড্রোন ও মিসাইল ভূপাতিতের দাবিও করেন হ্যাগারি।
দেশের সুরক্ষায় মিত্রদের সাথে নিয়ে কাজ করবেন বলে জানান হ্যাগারি। এর আগে, দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ বলেন, উপযুক্ত সময়েই হামলার জবাব পাবে তেহরান।
আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি



