আওয়ামী লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে: প্রধানমন্ত্রী

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিভিন্ন দেশের কূটনীতিক, মন্ত্রী, সচিব ও বিশিষ্টজনসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গনভবনে আনন্দমুখর পরিবেশে সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি জানান, ঈদ উৎসব হোক সবার,দুখী মানুষের মুখে থাকুক অমলিন হাসি। জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়নে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার অঙ্গীকারাবদ্ধ।
এক মাস সিয়াম সাধনার পূর্ণতা নিয়ে আসে খুশীর কাঙ্খিত ঈদ। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে সেই আনন্দ সবার মাঝে ছড়িয়ে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
মঞ্চে উঠেই দলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা গ্রহণ করেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানাও বড় বোনের ছায়াসঙ্গী হয়ে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতায়, আনন্দ আয়োজনে দেশ ও মানুষের মঙ্গল কামনা করেন সরকার প্রধান। মানুষের জন্য গড়া আওয়ামী লীগ মানুষের পাশেই থাকবে বলে আশ্বাস দেন বঙ্গবন্ধু কন্যা।
এরপর প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, জাতীয় সংসদের স্পীকার, বিচারপতিসহ বিশিষ্টজনদের সাথে। এ সময় তাদের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।
বাংলা টিভি / বুলবুল



