রাজধানীআওয়ামী লীগরাজনীতি
বাংলাদেশে চীনের উদ্যোক্তাদের বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের আহবান বস্ত্র ও পাট মন্ত্রীর

বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, এমপি চীনের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বাংলাদেশে বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের আহবান জানিয়েছেন। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহবান জানান।
মন্ত্রী বলেন পাট ও পাটজাত পণ্য পরিবেশবান্ধব। বাংলাদেশে বস্ত্র ও পাট খাত অত্যন্ত সম্ভাবনাময়। এখাতে বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা ইতোমধ্যে বিনিয়োগের প্রক্রিয়া শুরু করেছে।
চীনের বিনিয়োগকারীরাও এ খাতে বিনিয়োগ করতে পারেন। তিনি আরও বলেন আমরা চীনে পাট ও পাটজাত পণ্য রপ্তানি বাড়াতে চাই। টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের চীনে প্রশিক্ষণ ও স্কলারশীপের সুযোগ বাড়ানোর অনুরোধ করেন।
চীনা রাষ্ট্রদূত ও ব্যবসায়ীদের বাংলাদেশ জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) পরিদর্শনের আমন্ত্রণ জানান।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, অতিরিক্ত সচিব তসলিমা কানিজ নাহিদা, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো. নূরুজ্জামান, জেডিপিসির নির্বাহী পরিচালক গোপাল চন্দ্র দাশ, চীনা দূতাবাসের ইকোনোমিক ও কর্মাশিয়াল কাউন্সিলর সং ইয়ং এবং অ্যাটাশে লি জিচেন এ সময় উপস্থিত ছিলেন।
বাংলা টিভি/ রাজ



