স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিআরডিবিকে কাজ করতে হবে: পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে কাজ করার আহ্বান জানিয়েছেন, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে বিআরডিবির সার্বিক কার্যক্রম অবহিতকরণ ও মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
বিআরডিবির মহাপরিচালক আ: গাফফার খান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব মোসাম্মৎ হামিদা বেগম, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব মুনিমা হাফিজ সহ বিআরডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দে এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে। বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ছিল সমবায়ের মাধ্যমে সমন্নিতভাবে পল্লী উন্নয়ন করা। এ লক্ষ্যকে সামনে রেখেই পল্লী উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সারাদেশে গ্রাম পর্যায়ে উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সরকারের অন্যতম লক্ষ্য হলো গ্রামাঞ্চলে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণের মাধ্যমে সমৃদ্ধ পল্লী গড়ে তোলা।
কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্য বিআরডিবি কৃষিতে উন্নত বীজ সরবরাহ ও কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যম কৃষি উৎপাদনে অসাধারণ ভূমিকা রেখেছে। এ বিপুল জনগোষ্ঠির খাদ্য চাহিদা পূরণে দেশ আজ স্বয়ংসম্পূর্ণ। এই বিশাল সাফল্যের নেপথ্যেও রয়েছে বিআরডিবি’র অনন্য অবদান বলে জানান সমবায় প্রতিমন্ত্রী।
বিআরডিবির কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন , দক্ষতা ও নিষ্ঠার সাথে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে হবে।গ্রামীণ উদ্যোক্তা তৈরিতে আপনাদের পদক্ষেপ নিতে হবে। স্মার্ট পল্লী গঠনে দরকার স্মার্ট কর্মকর্তা। পরবর্তী প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে একনিষ্ঠভাবে কাজ করতে হবে।
বাংলা টিভি/ রাজ



