
|| সাইফুল ইসলাম ||
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় আজ সোমবার আখাউড়ায় মাঠে নেমেছেন সেনাবাহিনী। স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা দায়িত্ব পালন করবেন আখাউড়া উপজেলায়।
সকালে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ শামছুজ্জামানের নেতৃত্বে আখাউড়া উপজেলার নির্বাচনী এলাকা পরির্দশনের মাধ্যমে সেনাবাহিনীর দায়িত্ব পালন শুরু হয়।
সেনা সদস্যরা দিনব্যাপী উপজেলার ৪৪টি ভোট কেন্দ্র ও যোগযোগ ব্যবস্থা ঘুরে দেখা থেকে শুরু করে বিভিন্ন দায়িত্ব পালন করেন বলে খবর পাওয়া গেছে। সেনাবাহিনীর সদস্যদের অস্থায়ী ক্যাম্প হিসাবে ব্যবহার হবে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তন।
খবর নিয়ে আরো জানাগেছে, রিটার্নিং কর্মকর্তা সহায়তা চাইলে আইনশৃঙ্খলা রক্ষার জন্য অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করবেন সেনাবাহিনীর সদস্যরা। নির্বাচন সংক্রান্ত কার্যক্রমে সহায়তাসহ পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী আখাউড়া উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তাঘাটের নিরাপত্তা নিশ্চিত করবেন সেনাবাহিনীর সদস্যরা।
বাংলাটিভি/প্রিন্স



