সমৃদ্ধি অর্জনে সমুদ্র সম্পদ কাজে লাগানোর তাগিদ প্রধানমন্ত্রীর

দেশের সমৃদ্ধি অর্জনে সমুদ্র সম্পদ কাজে লাগানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশি বিনিয়োগেরও আহবান জানিয়েছেন সরকার প্রধান। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্য টেরিটোরিয়াল ওয়াটারস অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্ট-১৯৭৪ র সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
বঙ্গবন্ধু প্রণীত আইন স্বাধীন বদ্বীপের পানির ন্যায্য হিস্যা এবং সমুদ্র সীমানা নির্ধারণের পথ দেখিয়েছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে তুলে ধরেন সেই অর্জন। আমরা কারো সঙ্গে যুদ্ধে লিপ্ত হবো না। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সামর্থ্য থাকতে হবে। ফোর্সেস গোল তৈরি করেছি। সে অনুযায়ী কাজ করে যাচ্ছি।
ভারত মহাসাগর কেন্দ্রিক প্রতিটি দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে বাণিজ্য পথ চলমান রাখার আহবান জানান প্রধানমন্ত্রী। সম্ভাবনাময় সমুদ্র সম্পদ আহরণ ও নিরাপত্তায় সংশ্লিষ্টদের নির্দেশ দেন সরকার প্রধান। উপকূল উন্নয়নে কাজ চলছে উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা আশ্বাস দেন, শীঘ্রই আলোর মুখ দেখবে গভীর সমুদ্র বন্দর।
বাংলাদেশের সমুদ্রসীমার উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। ব্লু ইকোনমি যাতে ব্যবহার করতে পারি সে উদ্যোগ নিচ্ছে সরকার। ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে হবে বলেও জানান শেখ হাসিনা।
এন আর / বাংলা টিভি



