আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস ও আত্মসম্মান বজায় রেখে দায়িত্ব পালনে সচিবদের প্রধানমন্ত্রী নির্দেশ

আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস ও আত্মসম্মান বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালন করতে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সচিব সভার সারসংক্ষেপ তুলে ধরে এ কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সচিব সভা হয়। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে নতুন সরকারের প্রত্যাশা ও নির্দেশনার কথা শুনতে চান সচিবরা। এ সময় বিভিন্ন বিষয়ে সচিবদের নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, কর আদায়ের প্রতি সচিবদের মনোযোগী হতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যাদের আয়কর দেওয়ার কথা, অথচ করের আওতায় আসেনি, তাদের করের আওতায় নিয়ে আসতে জোরালো নির্দেশনা দিয়েছেন তিনি।
এ ছাড়া, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের বিষয়ে নির্দেশনা দেন শেখ হাসিনা। বিনিয়োগের ক্ষেত্রে অহেতুক যেন হয়রানি হতে না হয়, সেই নির্দেশনাও দেন। প্রধানমন্ত্রী জানান, কোনো কারণে যদি কোনো বিনিয়োগ বাধাগ্রস্ত হয়, তাহলে সেটা তিনি ভালোভাবে নেবেন না।
সভায় পাট, চামড়া ও কৃষিজাত পণ্য রপ্তানির বিশেষ সুযোগ দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রসঙ্গে মাহবুব হোসেন বলেন, তৈরি পোশাক খাতের মতো চামড়া, কৃষিজাত ও পাটজাত পণ্যেও একই ধরনের সুযোগ-সুবিধা দিতে বলেছেন প্রধানমন্ত্রী। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে বলেছেন। সেচ মৌসুমে যাতে কোনো বাধাগ্রস্ত না হয়, সেটা দেখতে বলেছেন।
তিনি বলেন, সভায় সব সচিব উপস্থিত ছিলেন। সচিব পদমর্যাদায় অন্য যারা দায়িত্বে ছিলেন, তারাও উপস্থিত ছিলেন।
ওএস/এএফ/বাংলা টিভি



