Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানীবাংলাদেশসরকার

২০ বছর আগে মানুষ পুলিশকে ভয় পেতো, এখন আপনজন মনে করে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আজ থেকে ২০ বছর আগে মানুষ পুলিশকে ভয় পেতো। এখন পুলিশকে আপনজন মনে করে। বিপদে আপদে পাশে পাওয়া যায়। তাই পুলিশের ওপর আস্থা ও বিশ্বাস বেড়েছে মানুষের।

দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে সুধী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি ট্রাফিক পুলিশের সুযোগ সুবিধা বাড়ানোর কথাও উল্লেখ করেন।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বক্তব্য রাখেন।

আলোচনা সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ডিএমপিকে জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানান।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন তার বক্তব্যে বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসাধারণের সঙ্গে সেতুবন্ধন তৈরি করেছে যা অতুলনীয়। জঙ্গিবাদ, সাইবার ক্রাইমসহ নাশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। ডিএমপি নাগরিকসুলভ মনোভাব নিয়ে যথাযথভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে। পুলিশ হবে মানুষের প্রথম ভরস্থাস্থল। মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রাখতে হবে। জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে থানাগুলোকে দেখতে চাই। সেই সঙ্গে ডিএমপিকে অগ্রণী দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

বর্তমানে ৫০টি থানা নিয়ে ডিএমপি বাংলাদেশ পুলিশের সর্ববৃহৎ ইউনিট হিসেবে ঢাকাবাসীকে সেবা দিয়ে যাচ্ছে জানিয়ে আইজিপি বলেন, নাগরিকদের মাঝে আইনের প্রতি শ্রদ্ধার সংস্কৃতি গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানের সভাপতি ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে অপরাধের ধরন। ডিএমপি অতি দক্ষতার সঙ্গে এসব অপরাধকে মোকাবিলা করেছে। এসব অপরাধ দমনে ক্রাইম বিভাগের পাশাপাশি ডিবি পুলিশও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

তিনি জানান, ১২টি থানা ও ছয় হাজার পুলিশ সদস্য নিয়ে যাত্রা শুরু করে ঢাকা মহানগর পুলিশ। নগরবাসীর আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে আজ ৫০টি থানা ও ৩৪ হাজার পুলিশ সদস্য নিয়ে দাঁড়িয়ে আছে ডিএমপি। জঙ্গি দমনেও দক্ষতার পরিচয় দেখিয়েছে ডিএমপি। জঙ্গিবাদ দমনে বাংলাদেশ এখন রোল মডেল। এছাড়া গুজব ও সাইবার ক্রাইমের মতো অপরাধ ডিএমপি সাহসিকতার সঙ্গে মোকাবিলা করে যাচ্ছে। সাইবার ক্রাইম প্রতিরোধে ডিএমপি ওয়ান স্টপ সাইবার সেন্টার চালু করতে যাচ্ছে।

সবার সহযোগিতায় স্মার্ট ডিএমপি গঠন করতে চান উল্লেখ করে তিনি বলেন, একজন নারী রাত ৩টায় রাস্তা দিয়ে চলাচল করলেও তার যেন মনে হয় তার পেছনে একজন পুলিশ সদস্য আছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button