পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবহার বৃদ্ধি করতে হবে: পরিবেশমন্ত্রী

পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবহার বৃদ্ধি করতে হবে বলে জানিয়েছেন,পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী । সোমবার পরিবেশ বান্ধব মেট্রোরেলে চড়ে পরিবেশ অধিদপ্তর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী সকালে মেট্রোতে চড়ে পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে যান, ভ্রমণকালে যাত্রীদের সাথে কথা বলেন এবং পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবহারে জনসাধারণের প্রতি আহ্বান জানান। পরিবেশমন্ত্রী বলেন, পরিবেশ সংরক্ষণে জনসাধারণের অংশগ্রহণ অপরিহার্য। পরিবহন মালিকগণ পরিবেশ বান্ধব পরিবহন পরিচালনা করলে এবং জনসাধারণ পরিবেশ বান্ধব যানবাহন ব্যবহার করলে বায়ুদূষণ পরিস্থিতির উন্নতি হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড ফাহমিদা খানম সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর পরিদর্শন শেষে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদসহ সদর দপ্তর ও মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
এসময় পরিবেশ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনগণকে ঝাঁমেলা মুক্তভাবে সেবা প্রদানের জন্য কর্মকর্তদের প্রতি নির্দেশ প্রদান করেন। সকল প্রকার দুর্নীতিমুক্ত থেকে আইন, বিধিবিধান মোতাবেক সরকারি কর্মকাণ্ড সম্পাদন করতে হবে জানান পরিবেশমন্ত্রী।
এন আর/ বাংলা টিভি



