ভুলের চোরাবালিতে আটকে আছে বিএনপি: ওবায়দুল কাদের

বিএনপি নির্বাচনে হেরে যাবার ভয়ে ভোটে অংশ নেয়নি, নির্বাচন বর্জন কর্মসূচিতে ব্যর্থ ,রাজনীতিতে তারা ভুলের চোরাবালিতে আটকে আছে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সকালে ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এসব কথা বলেন ।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি সব কিছু হারিয়ে শোক সাগরে নিমজ্জিত, সরকার বিরোধী তৎপরতায় লিপ্ত, দেশে বিদেশে গুজব ছড়াচ্ছে। অগ্নি সন্ত্রাসের পাশাপাশি তারা গুজব সন্ত্রাসে লিপ্ত। দ্রব্যমূল্য নিয়েও গুজব ছড়াচ্ছে তারা।
আওয়ামী লীগ সরকার কচু পাতার উপর শিশির বিন্দু নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, কারো কথায় সরকারের পতন হবে না। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে এবং আওয়ামী লীগের শক্তি জনগণ।
এদেশে সরকারি দল বিরোধী দল সব ক্ষেত্রেই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি থাকতে হবে। দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া রাজনৈতিক দল সংসদে বিরোধী দল হবে। আজ কার্যনির্বাহী কমিটির জরুরী সভা ডাকা হয়েছে, জরুরী কিছু বিষয় আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা হবে। উপজেলা নির্বাচন প্রতীক নাকি উন্মুক্ত এমন প্রশ্নের জবাব না দিয়ে বলেন, এসব নিয়েও আলোচনা হবে বলেও জানান ওবায়দুর কাদের।



