
জামালপুরের বকশীগঞ্জে রাতের আঁধারে সন্ত্রাসী হামলার শিকার বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম মারা গেছে। আজ বৃহস্পতিবার (১৫ জুন ২০২৩) বিকেলে ময়মনসিংহ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার অভিযান চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
গোলাম রব্বানী নাদিম এর সহকর্মীরা জানান, রাতে বাড়ি ফেরার পথে নাদিমের ওপর এলোপাতাড়ি হামলা চালায় দুর্বৃত্তরা।এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাদিমকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে রাত ১২টার দিকে নাদিমকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
গতকাল বুধবার (১৪ জুন ২০২৩) পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ টিএন্ডটি রোডে হামলার শিকার হন বাংলা নিউজের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।



