Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতি

আজ থেকে নতুন সময়সূচিতে ব্যাংক-অফিস

রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। প্রথম রোজা থেকে এই সময়সূচি চালু হওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু রমজানের প্রথম দিন ছিল শুক্রবার, দ্বিতীয় দিন ছিল শনিবার। এই দুই দিন শেষে রোববার ছিল মহান স্বাধীনতা দিবসের ছুটি। ফলে রমজানের তিন দিন পর আজ (সোমবার) থেকে নতুন সময়সূচিতে চলবে ব্যাংক-অফিস।

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করে সরকার। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট নামাজের বিরতি থাকবে। গত ১৩ মার্চ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।‌

আর ব্যাংকের অফিস ও লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। আজ থেকে নতুন সময় অনুযায়ী, সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংকের লেনদেন হবে। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। গত ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্টের এক সার্কুলারের মাধ্যমে এ সময়সূচি জানানো হয়।

এতে বলা হয়, দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।

সাধারণ সময়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হয়। ব্যাংকের অফিস সময় থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে প্রতি বছরের রমজানে অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন আনে কেন্দ্রীয় ব্যাংক। পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পরে অফিস সময়সূচি পূর্বাবস্থায় ফিরে আসবে বলে সার্কুলারে বলা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button