রমজানে ভোক্তা ও ব্যবসায়ীদের সংযমী হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

আসন্ন রমজানে অতিরিক্ত লাভ না কোরে ব্যবসায়ীদের সংযমী হওয়ার পাশাপাশি, ক্রেতাদেরও প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনার পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। অতিরিক্ত লাভের আশায় ভোক্তাদের কষ্ট না দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।
সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বানিজ্য মন্ত্রী। রমজানে সবাই সংযমী হলে কোনো সমস্যা হবে না বলেও জানান তিনি।
তিনি বলেন, রমজান এসেছে ব্যবসায়ীদের বলব আপনারা একটু সংযমী হোন। যা ন্যায্য মূল্য সেটাই নেবেন, আমরা সারাদিন পাহাড়া দিতে পারব না। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, আপনারা দায়িত্ব নেবেন কি না।
ক্রেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, রমজানকে সামনে রেখে হুমড়ি খেয়ে কেনার কিছু নেই। একটু সাশ্রয়ী হোন। বাজারে একটা সরবরাহ ব্যবস্থা আছে। পাঁচ কেজি পেঁয়াজের জায়গায় আপনারা ২০ কেজি কেনা শুরু করলে বাজারে হুট করে সরবরাহ চলে আসবে না।



