গ্রিসে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৫৭

গ্রিসের এথেন্স থেকে উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকিগামী একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে থেসালোনিকি থেকে লারিসাগামী একটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ৫৭ জন নিহতের খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাতে ৩৫০ যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রেনটির প্রথম দুটি বগিতে আগুন ধরে গিয়ে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর।
ঘটনাস্থলে উদ্ধারকাজ ও তদন্তের দায়িত্বে থাকা ইলেনি জাগেলিদু বলেছেন, এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭।তাদের ডিএনএ সংগ্রহ করা হয়েছে।এ ভয়াবহ দুর্ঘটনার জন্য রেল শ্রমিকরা সরকারের উদাসীনতাকে দায়ী করে বৃহস্পতিবার একদিনের রেল ধর্মঘট পালন করেন।
এদিকে, এথেন্সে টানা দ্বিতীয় দিন প্রতিবাদে নেমে আসেন দুই হাজারের উপর মানুষ।রেলপথের প্রতি গ্রিস সরকারের অবহেলার কারণেই টেম্পেতে এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তারা।



