Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: দেশবাসীর কাছে দোয়া চেয়ে কেপটাউনের পথে মেয়েরা

দক্ষিণ আফ্রিকার মাটিতে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ মাতাচ্ছেন বাংলার কিশোরিরা। একই দেশে গড়াবে বড়দের বিশ্বকাপও। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। মূল টুর্নামেন্টকে সামনে রেখে আজ সোমবার (২৩ জানুয়ারি) দেশ ছাড়ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

যাওয়ার আগে দেশবাসীর আগে দোয়া চেয়েছেন দলের প্রতিনিধি জাহানারা আলম। সেই সঙ্গে এবারের বিশ্বকাপে ভালো ফল করার আশা দেখিয়েছেন ডানহাতি এই পেসার।

সিনিয়রদের বিশ্বকাপ মানেই বাংলাদেশের জন্য হতাশার। বাছাইপর্বে ভালো করেও মূল পর্বে হতাশ করেছে বারবার। এবার বাংলাদেশের সামনে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা। কারণ টুর্নামেন্ট গড়াবে দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনে। সেই সঙ্গে বাংলাদেশ পড়েছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো দলের সঙ্গে কঠিন গ্রুপে।

তাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অনেকটা আগেভাগেই দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে বাংলাদেশ দল। যাওয়ার আগে জাহানারা আলম বলেছেন, ‘আমাদের প্রথম বিশ্বকাপে ২০১৪ সালে শ্রীলঙ্কাকে হারিয়েছিলাম। চারটি বিশ্বকাপ মিলিয়ে একটা জয় আমাদের দখলে আছে। ইনশাআল্লাহ পাঁচ নম্বর ওয়ার্ল্ডকাপে সেটা অবশ্যই বাড়বে আমাদের বিশ্বাস। আমরা দেশবাসীর কাছে দোয়াপ্রার্থী। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমার বিশ্বাস যে আমরা একটা ইতিবাচক ফল নিয়ে আসতে পারব। সবকিছু মিলিয়ে আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে।’

দক্ষিণ আফ্রিকা মানেই পেসারদের জন্য স্বর্গরাজ্য। যদিও সেটা মানতে নারাজ জাহানারা। বাংলাদেশি পেসার বলেন, ‘আমি এটা বিশ্বাস করি না, দক্ষিণ আফ্রিকা মানেই পেস সহায়ক। সাউথ আফ্রিকায় খেলেছি দুই বার, আমি একটা উইকেট পেয়েছি। আমরা গিয়ে দেখি, আমরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দেখছি। সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে ভালো উইকেট। অনূর্ধ্ব-১৯ দলও ভালো ব্যাটিং করছে। সবকিছু নির্ভর করছে স্কিলের ওপর, আমি আমার স্কিল নিয়ে কাজ করেছি দলকে সাপোর্ট দেওয়ার জন্য।’

আগামী ১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। ১০ দলের আসরে বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। একই গ্রুপে বাংলাদেশের বাকি তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ নারী ক্রিকেট দল: নিগার সুলতানা (অধিনায়ক), মারুফা আক্তার, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামিমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস, সোবহানা মুস্তারি। স্ট্যান্ড বাই : রাবেয়া, সানজিদা আক্তার মেঘলা, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা।

সংশ্লিষ্ট খবর

Back to top button