Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
উন্নয়নবাংলাদেশ

আগামী বছর থেকে বিদ্যুৎ সংকট কেটে যাবে: নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, উত্তরাঞ্চলে বিদ্যুৎ খাতে ব্যাপক পরিবর্তন আসতে যাচ্ছে। আমরা ভেড়ামারা থেকে বিদ্যুৎ পাচ্ছি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পাব, ভারতের আদানি থেকেও বিদ্যুৎ আসবে। ফলে আগামী বছর থেকে বিদ্যুৎ সংকট অনেকটাই কেটে যাবে।

তিনি বলেন, বিদ্যুতের পরিমাণ বাড়লে তার ব্যবহারও বাড়বে। ফলে ডিস্ট্রিবিউশন লাইনে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। একই সঙ্গে উত্তরাঞ্চলে প্রচুর খালি জায়গা রয়েছে। সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এর যথাযথ ব্যবহার করতে পারে।

রোববার (৪ ডিসেম্বর) রাজধানীর এক অভিজাত হোটেলে নেসকো আয়োজিত ‌‘নেসকো টুওয়ার্ডস ২০৪১, চ্যালেঞ্জ অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক সেমিনারে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ভূমি মন্ত্রণালয় তাদের ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করছে। কোন জমি কিভাবে ব্যবহৃত হবে তার একটা মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে। নেসকো তার এলাকায় কিভাবে বিদ্যুৎ ডিস্ট্রিবিউট করতে পারে সে বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করতে পারে। ওখানে দুটো ইকোনমিক জোন এবং একটা বিসিক এরিয়া আছে। ফলে যথাযথ পরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎ ডিস্ট্রিবিউট করতে হবে।

তিনি বলেন, উত্তরাঞ্চলে ২৭ হাজার সেচ পাম্প আছে। সেগুলোকে সোলার পাওয়ারের আওতায় আনার পরিকল্পনা করতে হবে। ২০৪১ এ বাংলাদেশের লক্ষ্য হলো জ্বালানি খাতে ৪০ ভাগ ক্লিন এনার্জি বাস্তবায়ন করা। নেসকোর এ বিষয়ে খেয়াল রাখা উচিত। নেসকোর আওতাধীন এলাকাগুলোর স্কুলের ছাদের সোলার প্যানেল বসানোর প্রকল্প গ্রহণ করতে হবে।

পেমেন্ট সিস্টেম বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী তিন বছরের মধ্যে নেসকো এরিয়ার সমস্ত বিল সিস্টেম স্মার্ট প্রিপেইড মিটারের আওতায় চলে আসবে। এতে ভোগান্তি যেমন কমে যাবে, উত্তোলিত অর্থেরও যথাযথ ব্যবহার নিশ্চিত হবে।

বাংলা টিভি/অজিত

সংশ্লিষ্ট খবর

Back to top button