সরকারের ধারাবাহিকতার সুফল পাচ্ছে জনগণ: প্রধানমন্ত্রী

সরকারের ধারাবাহিকতার সুফল পাচ্ছে জনগণ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার একটানা ১৪ বছর ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন করা যাচ্ছে। ২০০৮ সালের পর ২০১৪ ও ২০১৮ সালে জয়ী হয়ে একটানা চৌদ্দ বছর ক্ষমতায় থাকায় আজ অন্তত বাংলাদেশের উন্নয়নটা আমরা করতে পারছি। এ সময় একটি দলের দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুবিধা প্রসঙ্গে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে আন্তর্জাতিক একটি অনুষ্ঠানে কথোপকথনের স্মৃতিচারণ করেন শেখ হাসিনা।
আসন্ন শীত-মৌসুমে শীতার্ত মানুষের সহায়তায় কম্বল ও শীতবস্ত্র প্রদানের লক্ষ্যে বৃহস্পতিবার (১০ নভেম্বর) প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দেওয়া অনুদান গ্রহণের সময় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী কার্যালয়ে এ আয়োজন করা হয়।
সরকার প্রধান বলেন, আমি, রেহানা, মাহাথির মোহাম্মদ ও তার স্ত্রী আমরা বসে এক কোনায় গল্প করছি। উনি বললেন, আসলে দেশের একটা উন্নতি করতে হলে একটু দীর্ঘ সময় ক্ষমতায় না থাকলে হয় না। উন্নতিটা ঠিক মতো করা যায় না।
বাংলাদেশের বর্তমান উন্নতি প্রসঙ্গে টানা তিনবারের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের যে সম্মানটা আজকে আন্তর্জাতিকভাবে আছে এটা যেন অব্যাহত থাকে। আমরা বাংলাদেশকে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছি; এটা ধরেই যেন এগিয়ে যেতে পারি।
শেখ হাসিনা বলেন, অনেক দিন তো হয়ে গেল। মানুষকে তো এক সময় বিদায় নিতেই হবে। এটা তো আল্লাহ-ই বলে দিয়েছেন। সেটাও আল্লাহর ইচ্ছা, যেদিন যেতে হয় চলে যাবো। মানে এখান থেকেও..এই চেয়ার থেকেও চলে যাবো; আবার জীবন থেকেও চলে যাবো। যেতেই হবে। এটা হলো বাস্তবতা। যেদিন যাওয়ার সময় হবে। আর সময় না হলে ততদিন তো কাজ করতেই হবে। আল্লাহ যতক্ষণ সুযোগ দিয়েছেন।
যে স্বপ্ন নিয়ে, যে আদর্শ নিয়ে, যে লক্ষ্য নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশটা স্বাধীন করেছিলেন সেটা অর্জন করার কথাও বলেন প্রধানমন্ত্রী।



