ব্যয় সংকোচনে নতুন বড় কোন প্রকল্প হাতে না নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ব্যয় সংকোচনে নতুন বড় কোন প্রকল্প হাতে না নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ছোট ও উন্নয়নমুখী প্রকল্প চালিয়ে যাওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী।
সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রনালয়ের সভাকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এ নির্দেশনা দেন তিনি। সভাপরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এসব নির্দেশনা তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
সভায় ৩ হাজার ৯৮১ কোটি ৮৯ টাকা ব্যয়ে ৭টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প ৪টি এবং বাকি ৩টি সংশোধিত প্রকল্প।
এ ছাড়া দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনাবাদি জমি খুঁজে বের তা আবাদযোগ্য করে গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন সরকারপ্রধান। এ সময় তিনি বিলাসপণ্য ব্যবহার করা যাবে না এমন অনুশাসন দেন। তিনি আরও বলেন কৃষিতে গুরুত্ব দিতে হবে। এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না।



