সংকট কাটাতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

বৈশ্বিক অস্থিরতার প্রভাবে দেশে যে সংকট তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতে সকলকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আগামীতে যুবসমাজ এগিয়ে এসে সমগ্র গ্রাম ও মানুষকে এক করে খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সমবায়ের মাধ্যমে কার্যক্রম চালাতে পারলে, দেশ আরও এগিয়ে যাবে। সকালে জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এসময় সবাইকে মিতব্যয়ী এবং সঞ্চয়ী হওয়ার আহবান পুণর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
৫১ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে, সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক অস্থিরতার কারণে সবকিছুরই দাম বেড়েছে, তার ধাক্কা দেশেও এসে পড়ছে। মূল্যস্ফীতির জন্য সবদেশই হিমসিম খাচ্ছে, রিজার্ভ ব্যবহার করেই তাদেরকে চলতে হচ্ছে। তাই সংকট কাটিয়ে উঠতে সবাইকে সবক্ষেত্রে সাশ্রয়ী হয়ে চলার আহবান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রান্তিক মানুষদেরকে নিয়ে সমবায় গঠনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা গেলে, দেশ আরও এগিয়ে যাবে। এজন্য দায়িত্ব নিতে হবে যুবসমাজকেই।
সবাই মিলে কাজ করলে সব প্রতিকূলতা মোকাবেলা করা সম্ভব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা যেন কোনমতেই ব্যাহত না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।



