আমলাতান্ত্রিক মনোভাব নয়, দেশপ্রেম নিয়ে জনসেবা করুন: প্রধানমন্ত্রী

জাতীয় স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রেখে, দেশপ্রেম ও আত্মমর্যাদার সঙ্গে জনসেবা করতে বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে আইন ও প্রশাসন কোর্সের সমাপনী ও প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এসময় চলমান সংকট মোকাবেলায় প্রতিবেশি দেশ থেকে সরকার জলবিদ্যুৎ কেনার চেষ্টা করছে বলেও জানান প্রধানমন্ত্রী।
এ সময় তিনি বলেন, সরকারি কর্মচারীদের জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করে, জাতীয় স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে। আমলাতান্ত্রিক মনোভাব পরিবর্তন করে জনগণের খাদেম বলে নিজেদের বিবেচনা করতে হবে।
বৈশ্বিক পরিস্থিতির চিত্র তুলে ধরে তিনি বলেন,করোনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ,নিষেধাজ্ঞার কারণে প্রতিটি দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এ কারণে জ্বালানির দাম বাড়ায় অস্থিরতা বেড়েছে। তবে, সরকার বিকল্প উপায়ে সংকট মোকাবেলার পথ খুঁজছে বলেও জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘জুডিশিয়াল সার্ভিসে কখনো আবেদন করতে পারত না পাকিস্তান আমলে। জাতির পিতা সেই পথ খুলে দেন। জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীনতার পরপরই পাকিস্তানি আমলের পদ্ধতি পরিবর্তন করে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস রিঅরগানাইজেশন কমিটি গঠন করে দিয়ে স্বাধীন রাষ্ট্রের উপযোগী প্রশাসনব্যবস্থা গড়ে তোলার জন্য পদক্ষেপ নিয়েছিলেন। আগামীর সংকট মোকাবেলায় সুনির্দিষ্ট পরিকল্পনা নেয়া হচ্ছে বলেও জানান সরকার প্রধান।
বাংলা টিভি/অজিত



