
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের লড়াইয়ে জিম্বাবুয়েকে ৩ রানে হারালো বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রান করে। সেই লক্ষ্যে খেলতে নেমে ৮ উইকেটে ১৪৭ রান করে জিম্বাবুয়ে। এতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে নতুন ইতিহাস লেখা হয়ে যায় বাংলাদেশের। এবারই প্রথম নির্দিষ্ট কোনও টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে দ্বিতীয় জয়ের দেখা পেলো লাল-সবুজ জার্সিধারীরা।
সেই জয়টাও এলো কত নাটকীতায়। জয় উদযাপন করেও আবার মাঠে নামতে হয় বাংলাদেশকে! মোসাদ্দেক হোসেনের করা শেষ ওভারের শেষ বলে স্টাম্পিং হলেন ব্লেসিং মুজারাবানি। ১ বলে ৫ রানের প্রয়োজনীয়তা তাতে মিটলো না জিম্বাবুয়ের। বাংলাদেশের জয় উৎসব হওয়াটা স্বাভাবিক। কিন্তু রিপ্লেতে দেখা গেলো উইকেটকিপার নুরুল হাসান সোহান স্টাম্প ক্রস করার আগেই বল গ্লাভসে নিয়েছিলেন। আসে ‘নো’ বলের সিদ্ধান্ত। সেসময় জিম্বাবুয়ের শেষ বলে জয়ের জন্য দরকার পড়ে ৪ রান। একটা বাউন্ডারি হলেই হয়। টান টান উত্তেজনার ম্যাচে অবশ্য বাংলাদেশই হেসেছে। মোসাদ্দেকের শেষ বলটা ব্যাটেই লাগাতে পারেননি মুজারাবানি।
ব্রিসবেনের ম্যাচে শুরুতে চাপে পড়লেও উইলিয়ামসের ব্যাটে আশা বাড়তে থাকে জিম্বাবুয়ের। চমৎকার ব্যাটিংয়ে অভিজ্ঞ ব্যাটার তুলে নেন হাফসেঞ্চুরি। তার আউটেও আছে চরম উত্তেজনা। নিজের বলে নিজেই ফিল্ডিং করে দু্র্দান্ত থ্রোতে উইলিয়ামসকে রান আউট করেছেন বাংলাদেশ অধিনায়ক। ৪২ বলে ৮ বাউন্ডারিতে ৬৪ রান করেছেন উইলিয়ামস। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন রায়ান বার্ল। এই ব্যাটার অপরাজিত ছিলেন ২৭ রানে। ২৫ বলের ইনিংসে তিনি মেরেছেন ২ চার ও ১ ছক্কা।
বাংলা টিভি/অজিত



