সারাদেশে ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন: প্রতিমন্ত্রী

ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে সারা দেশে ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মঙ্গলবার (২৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান৷
নসরুল হামিদ বলেন, আজ (মঙ্গলবার) বিকেলের মধ্যে ৭০ শতাংশ এবং আগামীকালের (বুধবার) মধ্যে শতভাগ বিদ্যুৎ কানেক্টিভিটির আওতায় চলে আসবে।
তিনি বলেন, সিত্রাং উপকূলীয় এলাকায় আঘাত করেছে। বিদ্যুতের অবকাঠামোগুলোর ব্যাপক ক্ষতি করেছে। প্রায় ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন আছেন। ট্রান্সমিশনে আঘাত হয়নি। আঘাত হয়েছে ডিস্ট্রিবিউশনে। অনেক পোল ভেঙে গেছে। গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
তিনি আরও বলেন, আশা করছি বিকেলের মধ্যে ৭০ ভাগ এলাকায় বিদ্যুৎ ফিরবে। কাল দুপুরের মধ্যে শতভাগ সম্পন্ন হবে। আমাদের কর্মীরা কাজ করছেন। বেশ ক্ষতি হয়েছে। অনেক সাব স্টেশনে পানি উঠেছে।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে কতো গ্রাহক এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, আমাদের প্রায় ৪ কোটি ৮০ লাখের মতো গ্রাহক। এখন প্রায় ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন আছেন। আরইবি (পল্লী বিদ্যুতায়ন বোর্ড)-এর ৮০০-এর অধিক পোল ক্ষতিগ্রস্ত হয়েছে। পিডিবিসহ সব মিলিয়ে প্রায় দেড়-দুই হাজার পোল ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, প্রচুর জায়গাতে সমস্যা দেখা গেছে। তার ছিঁড়ে যাওয়ার কারণে সে এলাকায় আমরা বিদ্যুৎ সম্পূর্ণ বন্ধ রেখেছি। অ্যাক্সিডেন্ট হওয়ার ঝুঁকি থাকে, সম্পূর্ণভাব রিস্টোর না করা পর্যন্ত আমরা বিদ্যুৎ চালু করবো না। ভোলা, পটুয়াখালী, বরিশাল, চাঁদপুর, চট্টগ্রাম, লক্ষীপুর, নোয়াখালীতে আমাদের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন,বুধবার দুপুরের মধ্যে শতভাগ গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করতে পারবো বলে আশা করছি। আমাদের কর্মীরা কাজ করছেন, বিশেষ করে আরএডি ঝড় শুরু হওয়ার পর থেকেই সজাগ ছিল। এখন ২৪ ঘণ্টা তারা কাজে নিয়োজিত আছেন, বিশেষ করে আরএডি এবং পিডিবি।
বাংলা টিভি/অজিত



