জনপ্রতিনিধিদের জনগণের জন্য কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

জনপ্রতিনিধিদের জনগণকে সাথে নিয়ে সৃজনশীল সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
শনিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউটে কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলরদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জনপ্রতিনিধিরা হলেন সমাজের পথ প্রদর্শক৷ শুধু ভৌত অবকাঠামো উন্নয়নে নয় সামাজিক উন্নয়নেও জনপ্রতিনিধিদের অবদান রাখতে হবে৷ উন্নয়ন করতে হবে পরিকল্পিতভাবে৷ তিনি কুমিল্লা শহরকে আদর্শ শহর হিসেবে গড়ে তোলার জন্য কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও কমিশনারদের প্রতি আহ্বান জানান৷
বর্তমান ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী জানান, সরকার ডেঙ্গু মোকাবিলার জন্য কাজ করছে৷ এবছর অন্য সময়ের তুলনায় থেমে থেমে বৃষ্টি হয়েছে৷ মূলত আবহাওয়া পরিবর্তনের জন্যই এবছর এসময়ে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে৷ মন্ত্রী আরো বলেন বর্তমানে ডেঙ্গুর অবস্থা বেদনাদায়ক কিন্তু সিঙ্গাপুর, মালায়শিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও ফিলিপাইনসহ অনেক দেশের তুলনায় এখনো অনেক ভালো৷ ইতিমধ্যে মেয়রগণকে চিরুনি অভিযানসহ আরো নিবিড়ভাবে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে৷
অনুষ্ঠানের বিশেষ অতিথিরি বক্তব্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত কাউন্সিলরদের উদ্দেশ্য বলেন, আমরা আইনের মধ্যে থেকে কাজ করব। সবাইকে দুর্নীতি মুক্ত ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে৷
বাংলা টিভি/অজিত



