Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপড়াশোনাসরকার

দিনাজপুর বোর্ডে স্থগিত হওয়া ৪ বিষয়ের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত

প্রশ্নফাঁসের ঘটনায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের স্থগিত করা চারটি বিষয়ের পরীক্ষা আগামী ১০, ১১, ১৩ ও ১৫ অক্টোবর গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম স্বাক্ষরিত পরিবর্তিত সময়সূচি প্রকাশ করা হয়।

নতুন সময়সূচি অনুযায়ী- গণিত (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর, কৃষি শিক্ষা (তত্ত্বীয়) ১১, রসায়ন (তত্ত্বীয়) ১৩ ও পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) ১৫ অক্টোবর। সব বিষয়ের পরীক্ষা হবে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এ ছাড়া ব্যবহারিক পরীক্ষা হবে ১৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত।

শিক্ষা বোর্ডের ওই সূচিতে জানানো হয়, পূর্বের সময়সূচি অনুযায়ী ২২ সেপ্টেম্বর গণিত, ২৪ সেপ্টেম্বর পদার্থ বিজ্ঞান, ২৫ সেপ্টেম্বর কৃষিশিক্ষা ও ২৬ সেপ্টেম্বর রসায়ন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গণিত, রসায়ন, পদার্থ বিজ্ঞান ও কৃষিশিক্ষা বিষয়ের পরীক্ষা স্থগিত দিনাজপুর শিক্ষা বোর্ড। এ ছাড়াও ব্যবহারিক পরীক্ষার পূর্ব নির্ধারিত সময়সূচি ছিল ১০ থেকে ১৫ অক্টোবর।

নতুন সময়সূচি দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার সব কেন্দ্রের সচিব বরাবর পাঠানো হয়েছে। ইতিমধ্যেই নতুন সময়সূচি শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। কেন্দ্র ও বিদ্যালয়গুলোতে ই-মেইলের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।

এদিকে, নতুন করে সময়সূচি নির্ধারণের পাশাপাশি প্রশ্নপত্র ছাপানোর প্রক্রিয়াও শুরু করেছে শিক্ষা বোর্ড। বুধবার রাতেই শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ নতুন প্রশ্নপত্র প্রণয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন। কয়েকজন কর্মকর্তা ঢাকাতেও গেছেন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম জানান, যাতে করে শিক্ষার্থীদের কোনও সমস্যা না হয় এবং এই টেনশনে থাকতে না হয় যে পরীক্ষাগুলো কবে হবে এ জন্য দ্রুত নতুন সময়সূচি দেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ডের সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, প্রশ্নফাঁসের ঘটনায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলমান এসএসসি পরীক্ষার গণিত, পদার্থবিজ্ঞান, কৃষি ও রসায়নের পরীক্ষা স্থগিত করা হয়। বুধবার সকালে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এরই মধ্যে প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে ভূরুঙ্গামারীর নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমানসহ তিন শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে মামলার এজাহারে ছয় বিষয়ের প্রশ্নপত্র উদ্ধারের কথা বলা হয়েছে। এর মধ্যে চারটির পরীক্ষা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে এই ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button