
উদ্বোধনের পর বাঁধভাঙা জোয়ারের মতো উচ্ছ্বসিত মানুষ ছুটে গেছেন স্বপ্নজয়ী পদ্মা সেতুতে। শনিবার সেতুর জাজিরা প্রান্তে উদ্বোধনী ফলক ও ম্যুরাল উন্মোচন করে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থল ছাড়তেই জনতার ঢল নামে। উদ্বেলিত মানুষ দৌড়ে যে যেভাবে পেরেছেন উঠেছেন সেতুর ওপর। অনেকের মুখে ছিল ‘জয় বাংলা’ স্লোগান। সেতুতে উঠে কেউ সেতুর ছবি, কেউ সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সেতু থেকে নামিয়ে দেন। পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে দোগাছি সার্ভিস এলাকা পর্যন্ত হাজার হাজার দর্শনার্থীর ঢল দেখা যায়। একপর্যায়ে দর্শনার্থীরা সেতুর টোল প্লাজায় এসে জড়ো হতে থাকেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তীব্র বাধায় তাঁরা সামনে যেতে পারছেন না। তবে এ সময় অনেক তরুণকে ঝুঁকি নিয়ে সেতুর নিরাপত্তাবেষ্টনী বেয়ে সেতুর ওপরে উঠতে দেখা যায়।
বাংলাটিভি/শহীদ



