
সিলেট-সুনামগঞ্জের পর দেশের উত্তরাঞ্চলেও নদ-নদীর পানি কমে বন্যার উন্নতি হচ্ছে।
আশ্রয় কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরছেন বন্যার কারণে গৃহছাড়া মানুষ। কিন্তু পানিতে ডুবে থাকায় নড়বড়ে হয়ে পরা ঘরবাড়ি নিয়ে বিপাকে পড়েছেন তারা। তবে সিলেটের অনেক এলাকা এখনো পানিতে তলিয়ে আছে। এদিকে,সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকা থেকেও পানি নেমে গেছে। পানি কমায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন মানুষ। তবে বাড়িঘরের আসবাবপত্র নষ্ট হয়ে গেছে,পরিবেশ হয়ে পড়েছে দূষিত। অন্যদিকে,নদ-নদীর পানি হ্রাস পাওয়ায় কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। তবে নীচু এলাকার ঘর-বাড়ি থেকে পুরোপুরি পানি নেমে না যাওয়ায় দুর্ভোগে কমেনি এসব এলাকার বন্যা কবলিতদের। এখনও স্বাভাবিক হয়ে উঠেনি বন্যা কবলিত এলাকার যোগাযোগ ব্যবস্থা। এ অবস্থায় নিজেদের খাদ্য সংকটের পাশাপাশি গবাদি পশুর খাদ্য সংকট নিয়ে বিপাকে পড়েছেন চরাঞ্চলের বন্যা কবলিত পরিবারগুলো। অন্যদিকে,সিরাজগঞ্জে যমুনার পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমলেও বানভাসি মানুষের দুর্ভোগ কমেনি। বন্যায় ৭ হাজার হেক্টর জমির উঠতি ফসল নষ্ট হয়েছে।
বাংলাটিভি/শহীদ



