
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রতিবছর করোনা প্রতিরোধী টিকা নিতে হবে কি না তা এখনো নিশ্চিত নয়, বিষয়টি এখনো জানায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে করোনাসহ সব ধরনের টিকা যাতে দেশেই তৈরি করা যায় আমরা সেই প্রস্তুতি নিচ্ছি।
শুক্রবার রাজধানীর তিতুমীর কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাসহ সব ধরনের টিকা যাতে দেশেই তৈরি হয় সে জন্য টিকা উৎপাদনের চেষ্টা চলছে। প্রতি বছর করোনার টিকা দিতে হলে ১৩ কোটি মানুষের জন্য ১৩ কোটি টিকা লাগবে। প্রতিবছর টিকা দেওয়ার ব্যাপারে এখনো কিছু বলেনি ডব্লিউএইচও। তবে দ্রুত যাতে টিকা উৎপাদন করা যায় সেই প্রস্তুতি নিচ্ছি আমরা।
মে মাসে কলেরার টিকা দেওয়ার কথা থাকলেও কখন থেকে শুরু হবে সেটা জানাননি স্বাস্থ্যমন্ত্রী। তবে যে সব জায়গায় এ রোগের প্রাদুর্ভাব বেশি সেখানে দ্রুত দেওয়ার কথা জানান মন্ত্রী।
বাংলাটিভি/জাবেদ



