
এবারের আগে তিনবার দক্ষিণ আফ্রিকা সফর করেছে বাংলাদেশ। তিন সফরে ছয় টেস্টের পাঁচটিতেই বাংলাদেশ হেরেছে ইনিংস ব্যবধানে। অন্য হারটি ৩৩৩ রানের। সাদা পোশাকে অন্যান্য দেশগুলোতে কিছুটা লড়াই করলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভালো বলার মত কোন ইতিহাস নেই। তারপরও আসন্ন সিরিজে অভিজ্ঞতার দিক থেকে নিজেদের এগিয়েই রাখলেন টাইগার কাপ্তান মুমিনুল হক।
এগিয়ে রাখার যথেষ্ট কারণও আছে। দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের ছয় ক্রিকেটার আইপিএলে খেলতে এখন ভারতে। ফলে শক্তি ও অভিজ্ঞতায় কিছুটাও হলে ঘাটতি আছে স্বাগতিকদের। রায়ান রিকলটন, খায়া জোন্ডো, লিজাদ উইলিয়ামস ও ড্যারিন ডুপাভিলন- প্রথমবারের মতো লাল বলের ক্রিকেটে নাম খেলানোর অপেক্ষায়। অন্যদিকে বাংলাদেশের তামিম, মুশফিক, মুমিনুলরা মিলেই খেলে ফেলেছেন ১৮৭ টেস্ট। এছাড়া তাইজুল, মিরাজ, তাসকিনরাও দীর্ঘদিন ধরে টেস্ট খেলছেন।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘হোম কন্ডিশনে যেখানেই খেলেন স্বাগতিক দল অবশ্যই সুবিধা পাবে। বিপরীতে আমরাও এই সিরিজে অভিজ্ঞতার দিক থেকে একটু সুবিধা পাবো। দুই দলেরই কিছু কিছু সুবিধা থাকবে। কিন্তু বড় জিনিস হলো পাঁচ দিন ১৫ সেশন ভালো খেলা। ভালো জায়গায় বল করা, ভালো ব্যাটিং করা। দিন শেষে যারা নিজেদের প্রক্রিয়া ধরে রাখতে পারবে, চাপ কাটিয়ে উঠবে, তারা সফল হবে।’
আগের তিন সফরে পুরোপুরি ব্যর্থ হওয়া বাংলাদেশ এবার টেস্ট জয়ের স্বপ্ন দেখছে। মুমিনুল বলছেন, ‘আমি তো সবসময় বলি যে জেতার জন্যই খেলি। এই সিরিজেও আমরা জেতার জন্যই খেলবো। তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রক্রিয়া মতো আগানো। পাঁচ দিন ভালোভাবে দাপট ধরে রাখলে ফল অবশ্যই আমাদের পক্ষে আসবে।’
বাংলাটিভি/রাজ



