Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যঅপরাধবাংলাদেশ

টিপু হত্যা: শুটার মাসুম ৭ দিনের রিমান্ডে

রাজধানীর শাহজানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী প্রীতিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার শুটার মো. মাসুম ওরফে আকাশের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মাসুমকে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১৫ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরে ইসলামিয়া হাসপাতালের সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু (৫৪) এবং প্রীতি (২৪) নামে রিকশা আরোহী এক কলেজছাত্রী। এ ঘটনায় টিপুর গাড়িচালক মুন্না (২৬) গুলিবিদ্ধ হন।
মাইক্রোবাসের ডানপাশে রিকশায় প্রীতি গুলিবিদ্ধ হন। স্থানীয়রা আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক টিপু ও ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।

এ হত্যাকাণ্ডের পর বৃহস্পতিবার রাতেই ডিএমপির শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
এরপর বগুড়ায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ শনিবার (২৬ মার্চ) গভীর রাতে এ হত্যাকাণ্ডে জড়িত অস্ত্রধারী মাসুম ওরফে আকাশকে গ্রেফতার করে।

পরদিন রোববার (২৭ মার্চ) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবির) অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার রাজধানীর মিন্টো রোডে সংবাদ সম্মেলনে জানান, টিপু ও কলেজছাত্রী প্রীতিকে গুলি করে হত্যা করে ভাড়াটে বন্দুকধারী মো. মাসুম ওরফে আকাশ। গ্রেফতারের পর আকাশ পুলিশকে জানিয়েছে, কিলিং মিশনের একদিন আগে তার কাছে অস্ত্র ও মোটরসাইকেল সরবরাহ করা হয়।
আসামির বরাত দিয়ে হাফিজ আক্তার জানান, বৃহস্পতিবার টিপু ও প্রীতিকে গুলি করে হত্যা করা হয়। তবে তার আগের দিন অর্থাৎ বুধবারই (২৩ মার্চ) টিপুকে হত্যার পরিকল্পনা ছিল শুটার মাসুমের। এ কারণে টিপুকে রেস্টুরেন্ট থেকে তার বাসায় যাওয়ার রাস্তা অনুসরণ করে গুলি করার প্রস্তুতি নেয় সে। কিন্তু বেশি লোকজন থাকায় ব্যর্থ হয় সে।এরপর বৃহস্পতিবার (২৪ মার্চ) আবার সে টিপুকে অনুসরণ করে। রাত তখন ১০টা ২১ মিনিটে রাজধানীর ব্যস্ত সড়ক শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় যানজটে আটকে যায় জাহিদুল ইসলাম টিপুর মাইক্রোবাস। তিনি ওই সময় নিজ গাড়িতে খিলগাঁওয়ের বাগিচা এলাকার বাসায় যাচ্ছিলেন।
হঠাৎ মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা খুনি টিপুকে লক্ষ্য করে গুলি করতে থাকে। এলোপাতাড়ি গুলিতে জাহিদুলের গাড়িচালক মনির হোসেন এবং রিকশা আরোহী কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে জাহিদুল ও সামিয়াকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

বাংলাটিভি/জাবেদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button