
কুষ্টিয়ায় মোটরসাইকেলের সাথে বাইসাইকেলের সংঘর্ষে কলেজ ছাত্রসহ ২ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন মোটরসাইকেল চালক আকিব হোসেন। তিনি কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ইঞ্জিনিয়ারিংয়ে পড়তেন। আরেকজন বাইসাইকেল চালক সবুজ হোসেন কিয়াম মেটালে চাকরি করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি ইদ্রিস আলী জানান, রাত সাড়ে ১০টার দিকে কলেজ ছাত্র আকিব হোসেন মটরসাইকেল চালিয়ে খাজানগর মাদরাসা পাড়ায় নিজের বাড়ি যাচ্ছিলেন। অন্যদিকে একই সময়ে কিয়াম মেটালে কাজ শেষে সবুজ বাইসাইকেল নিয়ে হড়রা মেটন গ্রামে নিজের বাড়ি ফিরছিলেন। এ সময় কুমারগাড়া এলাকায় ফুজি আইসক্রিম মোড়ে মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেন। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১ টার দিকে দুজনেরই মৃত্যু হয়।
বাংলাটিভি/শহীদ



