ইউক্রেন যুদ্ধ পর্যবেক্ষণ ও প্রবাসীদের নিরাপদে নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং আটকেপড়া প্রবাসীদের নিরাপদে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মন্ত্রিসভার বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে, এ বিষয়ে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম।
এছাড়া আজকের মন্ত্রিসভায় নওগাঁ ও ঠাকুরগাঁওয়ে দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। সকালে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে এতে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী, সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে অন্যান্য মন্ত্রী-প্রতিমন্ত্রীরা বৈঠকে অংশ নেন।
পরে, সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিসভা বৈঠকের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এসময় এক প্রশ্নের জবাবে তিনি জানান, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া আটকে পড়া প্রবাসীদের নিরাপদে সরিয়ে নেয়ার চেষ্টাও চলছে বলে জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, আজ মন্ত্রিসভায় নওগাঁ ও ঠাকুরগাঁওয়ে দুটি বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে ‘বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয়-নওগাঁ আইন ২০২২’ এবং ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন-২০২২’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া আজকের বৈঠকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বঙ্গোপসাগর উপকূলের দেশগুলোর মধ্যে প্রযুক্তিগত ও অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার প্ল্যাটফর্ম ‘বিমসটেক’ এর সনদের খসড়ারও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।



