
আগামী পাঁচ বছর দেশের নির্বাচন পরিচালনার শপথ নিয়ে আজ থেকে অফিস শুরু করেছেন কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নতুন কমিশন।। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের দলটি আজ সকালে কমিশনের অফিসে প্রবেশ করে।
এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের ফুলের শুভেচ্ছা জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীরসহ ইসির কর্মকর্তারা।
গতকাল বিকেলে শপথগ্রহণ শেষে সংবাদ সম্মেলনে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমি আশাবাদী, সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে পারব। সব কমিশনারের সঙ্গে আলোচনা করে আগামীকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করা হবে।’
এর আগে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথবাক্য পাঠ করান। বিকেল ৪টা ৪০ মিনিটে প্রথমে সিইসিকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি। এরপর বাকি চার কমিশনারকেও শপথবাক্য পাঠ করান তিনি।



