
অমর একুশে বইমেলার সময়সীমা ১৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
আমরা তখনই বলেছিলাম যে, সংক্রমণ যদি কমতে থাকে তাহলে বইমেলার সময় বৃদ্ধির বিষয়টি আমরা বিবেচনা করব। প্রধানমন্ত্রী তার উদ্বোধনী বক্তৃতায় বলেছিলেন, ১৭ মার্চ পর্যন্ত মেলা বৃদ্ধি করা যেতে পারে। তবে সেটি নির্ভর করছে কোভিড পরিস্থিতির ওপর। আজকে সুসংবাদ হলো, সকালে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন এবং ১৭ মার্চ পর্যন্ত বইমেলা বৃদ্ধি করা হয়েছে’, বলেন তিনি।
কয়েক দশক ধরে ভাষার মাস ফেব্রুয়ারির শুরু থেকে বইমেলার দুয়ার উন্মুক্ত হচ্ছিল। তবে করোনা মহামারির কারণে এবার তা দুই সপ্তাহ দেরিতে শুরু হয়।
গত ১৫ ফেব্রুয়ারি বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বইমেলার দ্বার সবার জন্য উন্মুক্ত হয়ে যায়।আগের ঘোষণা অনুসারে মেলা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা থাকলেও উদ্বোধনকালে প্রধানমন্ত্রী ১৭ মার্চ পর্যন্ত চালিয়ে নেওয়ার পক্ষে কথা বলেন।
বাংলাটিভি/শহীদ



