
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত একটি বিমানের ভেতর থেকে ৯০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় সাড়ে ১০ কেজি এবং বাজারমূল্য প্রায় সাত কোটি টাকা।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে আজ বিকেলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়,সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুবাই ফেরত একটি ফ্লাইট থেকে কাস্টমস গোয়েন্দা প্রায় সাত কোটি টাকা মূল্যের ৯০টি স্বর্ণবার উদ্ধার করে। যার ওজন সাড়ে ১০ কেজি।
উল্লেখ্য এয়ারক্রাফটের সীটের নিচে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় সুকৌশলে লুকিয়ে স্বর্ণবারসমূহ অবৈধভাবে সরকারি ধার্যকৃত শুল্ককরাদি ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছে। উক্ত আটকের বিষয়ে কাস্টমস এ্যাক্ট ১৯৬৯ অনুযায়ী বিভাগীয় মামলা এবং একটি ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে।
বাংলাটিভি/জাবেদ



