
এক মাসের ক্রিকেটীয় লড়াই শেষে ফাইনালের মঞ্চে আসরের হট ফেভারিট দুই দল সাকিবের ফরচুন বরিশাল ও ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে কুমিল্লা।
প্রায় ১ মাসের দীর্ঘ ক্রিকেটীয় লড়াই শেষে ফাইনালের মঞ্চে এবারের আসরের সেরা দুই দল। একদিকে টানা ৮ ম্যাচ জিতে শিরোপা নির্ধারণী মঞ্চে ওঠা ফরচুন বরিশাল। সাকিব আল হাসানের নেতৃত্বে যাদের সামনে পাত্তাই পাচ্ছে না কেউ। অন্যদিকে, টানা তিন ম্যাচ জিতে টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করা কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারকা বহুল দলটির এবারের লক্ষ্য তৃতীয়বারের মতো বিপিএল শিরোপা ঘরে নেয়া।
বিদেশি ভারী নামের সঙ্গে মানানসই দেশীয় ক্রিকেটারদের নিয়ে বেশ ভারসাম্যপূর্ণ দল গড়েছিল ফরচুন বরিশাল। বিপিএলের উদ্বোধনী ম্যাচে শুরুটাও হয়েছিল তাদের দুর্দান্ত। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে আসর শুরু করে নিজেদের সামর্থ্যের ঘোষণা দিয়েছিল দলটি। যদিও সেরা টিম কম্বিনেশনের খোঁজে এরপর পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে ফলাফলটা সুখকর হয়নি।
তবে দলটি দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে চট্টগ্রাম পর্বে। বন্দরনগরীতে যে জয়রথ শুরু হয়েছিল, সিলেট ঘুরে ঢাকায় ফিরেও তা অক্ষুণ্ণ। মুজিব-রানাদের নিয়ে শক্তিশালী বোলিং লাইন আপের সঙ্গে ব্যাট হাতে সাকিবের দুর্দান্ত ফর্ম; ওপেনিংয়ে দলটির সামর্থ্যের জায়গা তরুণ মুনিম শাহরিয়ার। যদিও ব্যাট হাতে এখনো নিজেকে খুঁজে বেড়াচ্ছেন ক্রিস গেইল।
বরিশাল টানা জয়ে থাকলেও কুমিল্লা ফাইনালে উঠেছে এক মিশ্র অভিজ্ঞতা নিয়ে। টানা ৩ জয়ে আসর শুরু করলেও এরপর ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি ইমরুল কায়েসের দল। ৬ জয় নিয়ে প্লে-অফ নিশ্চিত করলেও হারতে হয়েছে প্রথম কোয়ালিফায়ারে। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে দাপুটে এক জয়ে দলটি পৌঁছে গিয়েছে ফাইনালে।
এবারের আসরে শীর্ষ ১০ রান সংগ্রাহকের তালিকায় কুমিল্লার মোটে একজন। বল হাতে মুস্তাফিজ ছন্দে থাকলেও তাকে সেভাবে সহযোগিতা করতে পারছেন না বাকিরা। দলে বেশ কিছু বড় নাম রয়েছে, তবুও ব্যক্তিগত পারফরম্যান্সই তাদের সামর্থ্যের জায়গা। মঈন আলী, ডু প্লেসি কিংবা সুনীল নারিনরা জ্বলে উঠলে অবশ্য চিন্তার কিছু নেই। তবে এরা ব্যর্থ হলে প্রথমবারের মতো ফাইনাল হারের তিক্ততা পাবে কুমিল্লা।
এখন পর্যন্ত এবারের আসরে তিনবার মুখোমুখি হয়েছে এই দুই দল। প্রথম দুটি গ্রুপ পর্বে, যেখানে সমানে-সমান কুমিল্লা-বরিশাল। কোয়ালিফায়ারে কুমিল্লাকে হারিয়ে প্রতিশোধের পাল্লাটা ভারী করে সাকিবের দল।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ
লিটন দাস, সুনীল নারিন, ইমরুল কায়েস (অধিনায়ক), ফ্যাফ ডু প্লেসি, মঈন আলী, মাহমুদুল হাসান জয়, আরিফুল হক, আবু হায়দার রনি, শহিদুল ইসলাম, তানভীর ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।
ফরচুন বরিশাল একাদশ
মুনিম শাহরিয়ান, ক্রিস গেইল, নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান, সৈকত আলী, তৌহিদ হৃদয়, ডোয়াইন ব্রাভো, নুরুল হাসান সোহান, মুজিব উর রহমান, মেহেদী হাসান
বাংলাটিভি/জাবেদ



