ইসি গঠনে ১০ জনের নামের তালিকা চূড়ান্ত করতে সুপ্রিমকোর্টের জাজেজ লাউঞ্জে বৈঠকে বসছে সার্চ কমিটি। বুধবার বিকেল সোয়া ৪টায় এ বৈঠক শুরু হয়েছে।
বৈঠকে রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের দেয়া প্রস্তাবিত নাম নিয়ে আলোচনা হতে পারে। এখন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার বাছাইয়ে নাম চূড়ান্ত করার পালা অনুসন্ধান কমিটির সামনে।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান,ইসি নিয়োগের লক্ষ্যে বুধবার (১৬ ফেব্রুয়ারি) থেকে ১০ জনের নাম প্রস্তাবের প্রক্রিয়া শুরু হবে। তিনি আরও জানান,সার্চ কমিটির কাছে প্রস্তাবিত ৩২২ জনের তালিকা যাচাই-বাছাই করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করা হবে।
প্রস্তাবিত নাম থেকে ১০টি নাম চূড়ান্ত করা হবে কি না এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব জানান,সার্চ কমিটি যেভাবে সার্চ করার কথা,সেভাবেই করবে। আর তারা যদি মনে করেন আরো সার্চ প্রয়োজন,সেটি তারা দেখবেন। বুধবার অনুসন্ধান কমিটি এ নিয়ে বৈঠকে বসবে। এর আগে সার্চ কমিটি নিজেরা তিনটি বৈঠক করেছেন। এছাড়াও বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের সঙ্গে চারটি আলাদা বৈঠক করেন তারা।
উল্লেখ্য,গত ৫ ফেব্রুয়ারি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন- ২০২২’ অনুযায়ী সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এই সার্চ কমিটি নির্বাচন কমিশনের প্রতিটি পদের জন্য দুটি করে মোট ১০টি নাম সুপারিশ করবে। এরপর রাষ্ট্রপতি সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার কমিশনারের নাম চূড়ান্ত করবেন।এদিকে,এরই মধ্যে কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন হুদা কমিশনের মেয়াদ শেষ হয়েছে।
বাংলাটিভি/জাবেদ



