শিগগিরই খুলে দেয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

চলতি মাসেই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন,আজ রাতে জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে সভা আছে। আমরা করোনা পরিস্থিতি পর্যালোচনা করে একটি সিদ্ধান্ত নিতে পারবো। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করা হবে।
নির্ধারিত তারিখ বলতে না পারলেও, আমরা আশা করছি চলতি মাসেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে।করোনা পরিস্থিতি বিবেচনায় যেভাবে যতটুকু ক্লাস নেওয়া সম্ভব আমরা কতটুকু করবো। যত দ্রুত করোনা পরিস্থিতি থেকে আমরা স্বাভাবিকে যেতে পারবো, তত দ্রুত সকল ক্লাস স্বাভাবিকভাবে শুরু হয়ে যাবে।
এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্দেশে দীপু মনি বলেন, ‘যত সংখ্যক শিক্ষার্থী এইচএসসিতে উত্তীর্ণ হয়েছে, তার চেয়ে বেশি আসন (বিশ্ববিদ্যালয় ভর্তিতে) রয়েছে। তাই শিক্ষার্থীদের ভর্তি হতে কোনও অসুবিধা হবে না। যারা এইচএসসি পাস করেছে, তাদের সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না। অনেকেই কারিগরি শিক্ষায় চলে যায়। অনেকে কাজে যোগদান করে। আমি মনে করি যারা কৃতকার্য হয়েছে তাদের অনেকই কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশে-বিদেশে অনেক ভালো কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।
বাংলাটিভি/শহীদ



