
৬০ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠকে বসবে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে নাম সুপারিশের জন্য গঠিত অনুসন্ধান (সার্চ) কমিটি। আগামী শনিবার (১২ ফেব্রুয়ারি) এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিশিষ্টজনদের ইমেইলের মাধ্যমে ও অন্যান্য মাধ্যমে বৈঠকে বসার জন্য বুধবার থেকে আমন্ত্রণ জানানো হবে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দ্বিতীয় বৈঠকে শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
এদিন বিকেল ৪টার পর দ্বিতীয় দফা বৈঠকে বসে সার্চ কমিটি। কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক বৈঠকে উপস্থিত ছিলেন।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, শনিবার সকাল পৌনে ১১টা থেকে সাড়ে ১২টা এবং দুপুর পৌনে ১টা থেকে সোয়া ২টা পর্যন্ত দুটি মিটিং হবে বিশিষ্ট নাগরিক, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে। এরপরের মিটিং রোববার বিকেলে।
রাজনৈতিক দলের পক্ষ থেকে কতজনের নাম এসেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এ পর্যন্ত ৩০ জনের নাম এসেছে।
তিনি আরও বলেন, প্রত্যেক রাজনৈতিক দলকে বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরের মধ্যে চিঠি দিয়ে বলা হবে শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত মন্ত্রিপারিষদ সচিবের ই-মেইলে তাদের পছন্দের ব্যক্তির নাম পাঠানোর জন্য।
বাংলাটিভি/শহীদ



