
ষষ্ঠ ধাপে আগামীকাল সোমবার (৩১ জানুয়ারি) দেশে ২৩ জেলার ৪৩টি উপজেলার ২১৯ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে । ভোটগ্রহণের ৩২ ঘণ্টা আগে অর্থাৎ শনিবার মধ্যরাতে ভোটের প্রচার শেষ হয়েছে। ফলে, আর নির্বাচনি প্রচার-প্রচারণা চালানো যাবে না।
আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ করতে হয়। ভোটগ্রহণ শুরু হবে সোমবার সকাল ৮টায়।
এদিকে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচনি এলাকায় মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। শনিবার রাত ১২টা থেকে আগামী মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৫৪ ঘণ্টার জন্য এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এমনকি কোনো মিছিল, বিজয় মিছিল, মশাল মিছিল, আনন্দ র্যালিও করা যাবে না বলে ইসি জানিয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান বলেন, আইন অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে সব ধরনের প্রচার কাজ শেষ করতে হয়। এ ছাড়া মোটরসাইকেলের পাশাপাশি রোববার মধ্যরাত ১২টা থেকে সোমবার মধ্যরাত ১২টা পর্যন্ত সব যন্ত্রচালিত যান চলাচলও বন্ধ থাকবে। ইসির অনুমোদন নেওয়া গাড়ি এই সংক্রান্ত নির্দেশনার বাইরে থাকবে। এ জন্য জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নির্দেশনা দিয়েছে কমিশন।
বাংলাটিভি/ সাকিব



