মালয়েশিয়ায় আকস্মিক বন্যায় ১১ হাজারের বেশি লোক ঘরবাড়ি ছেড়েছেন

মালয়েশিয়ায় প্রবল বৃষ্টিতে ও বন্যায় ১১ হাজারেরও বেশি লোক তাদের ঘরবাড়ি ছেড়েছেন, বহু সড়ক ও মহাসড়ক বন্ধ হয়ে দেশটির বৃহত্তম বন্দরের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব জানান, বন্যায় আটকা পড়া লোকজনকে উদ্ধারে সহায়তা করতে ও তাদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসতে দমকল, সেনাবাহিনী ও পুলিশের ৬৬ হাজারেরও বেশি সদস্যকে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টাসের প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর থেকে মার্চের মধ্যবর্তী বর্ষাকালে মালয়েশিয়ায় বন্যা সাধারণ ঘটনা, বিশেষ করে দেশটির পূর্বাঞ্চলীয় উপকূলে; কিন্তু শুক্রবার সকাল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টি শনিবার পর্যন্ত অব্যাহত থাকে আর তাতে পশ্চিমাঞ্চলীয় সেলাঙ্গর রাজ্য বন্যা কবলিত হয়ে পড়ে।
রাজধানী কুয়ালালামপুরকে ঘিরে থাকা সবচেয়ে সম্পদশালী এ রাজ্যটি সবচেয়ে জনবহুলও।
এই মুহূর্তে সেলাঙ্গরের পরিস্থিতি কিছুটা বিশৃঙ্খল। অন্যান্য রাজ্যে, বর্ষার জন্য আগেই প্রস্তুতি নেওয়া হবে। কিন্তু সেলাঙ্গরে প্রায় হঠাৎ করেই এমনটি ঘটেছে, বলেন প্রধানমন্ত্রী সাবরি।রাজ্যটির প্রায় ৪ হাজার লোককে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
বন্যার কারণে দেশটির বৃহত্তম বন্দর পোর্ট ক্লাংয়ের কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটছে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। বন্যা ও ভূমিধসের কারণে বহু সড়ক ও মহাসড়কও বন্ধ হয়ে আছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিগুলোতে উপচে পড়া নদী, ভূমিধস ও পরিত্যক্ত সড়কগুলোতে ডুবে থাকা গাড়ি দেখা গেছে।বন্যা পরিস্থিতি অনুসরণ করা সরকারি ওয়েবসাইট অনুযায়ী, মালয়েশিয়ার ১৬টি রাজ্য ও ফেডারেল অঞ্চলের মধ্যে ৮টিতে শনিবার পানির স্তর বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই করছিল।
বাংলাটিভি/শহীদ/আন্তর্জাতিক



