
টানা বৃষ্টিতে পন্ড হলো ঢাকা টেস্টের তৃতীয় দিন। নিম্নচাপে পরিণত হওয়া ঘূর্ণিঝড় জাওয়াদ-এর প্রভাবে আজ সোমবার সকাল গড়িয়ে দুপুরেও অবস্থার পরিবর্তন নেই।
তাই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা ছিল প্রবল। অবশেষে তা-ই হলো। আজ কোনো বল না গড়িয়েই পরিত্যক্ত হলো টেস্টের তৃতীয় দিনের খেলা।
সকাল থেকে বৃষ্টি দেখে খেলোয়াড়দের টিম হোটেলেই থাকার নির্দেশনা দেন ম্যাচ রেফারি। তাই, আজ মাঠেই আসেননি সাকিব-মুমিনুলরা। টিম হোটেলে সময় কেটেছে পাকিস্তান দলেরও। শেষপর্যন্ত দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
আগামীকাল মঙ্গলবার টেস্টের চতুর্থ দিনের খেলা আধঘণ্টা এগিয়ে আনা হয়েছে। ম্যাচ শুরুর সময় দেওয়া হয়েছে সকাল সাড়ে ৯টা। সবকিছু ঠিক থাকলে আগামীকাল অন্তত ৯৮ ওভার খেলা চালানোর লক্ষ্য থাকবে।
বাংলাটিভি/ সাকিব



