
দশম আন্তর্জাতিক গন্তব্য হিসেবে, ঢাকা থেকে মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। এর মাধ্যমে, প্রথমবারের মতো বাংলাদেশ থেকে মালদ্বীপে সরাসরি বিমান পরিবহন সেবা চালু হলো।
সকালে, আনুষ্ঠানিক উদ্বোধনের পর ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমানটি ১৩৯ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে মালের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল ভবনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
তিনি বলেন, দেশের অভ্যন্তরে বিভিন্ন রুটের পাশাপাশি ঢাকা টু মালদ্বীপে সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে বিমান পরিবহন সেবার নতুন দিগন্ত উন্মোচিত হলো। তিনি বলেন, এই যোগাযোগের মাধ্যমে বন্ধুপ্রতিম দুই দেশের জনগণের মধ্যে আরো গভীর সম্পর্ক গড়ে উঠবে। এছাড়া প্রবাসী শ্রমিকদের আসা যাওয়ার খরচ অনেকটাই কমে যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন এবং মালদ্বীপের হাইকমিশনার শীরুজিনাথ সামির।
বাংলাটিভি/শহীদ



