
করোনায় ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা এখনো নিশ্চিত হাওয়া যায়নি, বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা,ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন,পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি আরো বৃদ্ধি পাবে।
মন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৯০ ভাগের বেশি শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা পাচ্ছি। তার মানে তারা ঝরে পড়েনি। এখনও অনেক বাবা-মা তাদের সন্তানকে স্কুলে পাঠানো নিয়ে ভয়ে আছেন। যার ফলে শিক্ষার্থীদের উপস্থিতির হার এখনও শতভাগ নয়। পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষার্থীদের উপস্থিতি আরও বাড়বে।
আমরা এখনও ঠিক বলতে পারছি না ঠিক কত সংখ্যক শিক্ষার্থী ঝরে পড়েছে। যাদের একটু আর্থিক সমস্যা রয়েছে, তারা ছেলে-মেয়েদের কাজে লাগিয়ে দিয়েছে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হয়তো কারও কারও বাল্যবিবাহ হয়ে গেছে।
চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদের সভাপতিত্বে বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দাউদ হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা কমিউনিটি পুলিশিংশের সভাপতি ডা. শহীদ উল্লাহ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী।
বাংলাটিভি/শহীদ



