শুধু চা বিক্রি করেই সোশ্যাল মিডিয়ার আলোচিত রাজা মিয়া

এক দৃঢ় প্রত্যয়ী সফল উদ্যোক্তার গল্প জানাবো এবার। রাজা চায়ের আড্ডা, এ যেনো এক বাংলা সিনেমার কাহিনী। প্রথমে ভ্যানে করে চা বিক্রি দিয়ে শুরু। বর্তমানে তার ১৮টি চায়ের দোকানে কাজ করেন ৪০ জন কর্মচারী। ফুটপাতে শুধুমাত্র চা বিক্রি করে সামাজিক মাধ্যমে বেশ খ্যাতিও পেয়েছেন রাজা।একজন সফল উদ্যোক্তার কথা বলবো। রাজা, যিনি শুধু চা বিক্রি করেই সোশ্যাল মিডিয়ার এখন আলোচিত এক ব্যাক্তি।
রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পূর্বপাশে টিনের তৈরি একটি ছোট্ট দোকান। নাম রাজা চায়ের আড্ডা। সেখানে তিনি বিক্রি করছেন ১৫২ পদের চা।
থরে থরে সাজানো তামার তৈরি অ্যারাবিয়ান ডিজাইনের কেটলি। কাজুবাদাম, পুদিনা পাতা, তেঁতুল, মাল্টা, লেবু, মরিচসহ হরেক রকমের মসলা। এসব দিয়েই তৈরি হয় হরেক রকমের চা।
২০১৯ সালের মাঝামাঝি বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পূর্ব পাশের এলাকায় চায়ের দোকান দেন রাজা। তারপর তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। এখন ঢাকাসহ বিভিন্ন জেলায় তার রয়েছে চায়ের ১৮টি দোকান। যেখানে কর্মচারী ৪০ জন। শুধুমাত্র চা বিক্রি করেই ব্যাপক পরিচিতি কুড়িয়েছেন রাজা, মিলেছে চা-প্রেমীদের ভালোবাসাও। চায়ের দোকানে দুপুরের পর থেকেই জমে উঠে আড্ডা। আসে সবশ্রেনীর চা প্রেমীরা।
একসময় বিমানবন্দরের পাবলিক টয়লেটের ছাদে ঘুমানোর এই রাজা মিয়া বর্তমানে অসহায় ও প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে চায়ের ব্যবস্থা করেছেন। শ্রম আর অটুট মনোবলে চা বিক্রি করেই এখন তিনি এক সফল উদ্যোক্তা।
বাংলাটিভি/শহীদ



